পাচারের অভিযোগে ৪২২ বস্তা সরকারি চাল জব্দ
মাদারীপুরের ডাসারে দরিদ্রদের জন্য বরাদ্দ সরকারি ভিজিডি কর্মসূচির বিপুল পরিমাণ চাল পাচারের অভিযোগ উঠেছে ডাসারের মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সীর বিরুদ্ধে। পরে ৪২২ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার ভাঙ্গাব্রীজ এলাকায় অভিযান চালিয়ে চাল জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা। পরে চালবোঝাই ট্রাকটি ডাসার থানায় নিয়ে যাওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ভিজিডি কর্মসূচির আওতায় দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেওয়া হয়। এ কর্মসূচির চাল পুষ্টিমান বাড়ানোর লক্ষ্যে সাধারণ চালের সঙ্গে ভিটামিন ও প্রোটিনসমৃদ্ধ উপাদান মিশিয়ে বিশেষভাবে প্রক্রিয়াজাত করে বস্তাবন্দি করা হয়। এ ধরণের চাল খোলা বাজারে বিক্রির কোনো নিয়ম নেই। সেই চাল ডাসারের মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী ট্রাকে করে অন্যত্র নেওয়ার চেষ্টা করেন। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে ডাসারের ইউএনওকে জানান। পরে তিনি এসে ট্রাকসহ চাল জব্দ করেন।
নাম না প্রকাশে স্থানীয় কয়েকজন জানান, বিপুল পরিমাণ সরকারি চাল কীভাবে একজন ব্যক্তির কাছে এলো, তা তদন্ত করে দেখা উচিত।
অভিযুক্ত মুন্সী রাইস মিলের মালিক আহাদ মুন্সী বলেন, এগুলো আমার চাল। গোপালগঞ্জে আমার একটি চালকল আছে, সেখানে নেওয়ার উদ্দেশ্যেই চালগুলো পরিবহন করা হচ্ছিল। তবে কর্তৃপক্ষকে না জানিয়ে রাইস মিল থেকে এই চাল বের করা আমার ভুল হয়েছে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, সরকারি চাল জব্দ করা হয়েছে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আয়শা সিদ্দিকা আকাশী/এনএইচআর/এমএস