পুলিশ বক্সের সামনেই সোনা লুট, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৪

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি হিলি (দিনাজপুর)
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ২৮ এপ্রিল ২০২৬
গ্রেফতার আসামিরা

দিনাজপুরের বিরামপুরে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় পুলিশ বক্সের সামনে আট ভরি সোনা লুটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক, ইউপি সদস্যসহ সাতজনের নামে থানায় মামলা হয়েছে। এদের মধ্যে অভিযান চালিয়ে চারজনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (২৭ এপ্রিল) বিকেলে সোনা লুটের ঘটনা ঘটে। তবে এখন পর্যন্ত লুটের সোনা উদ্ধার করতে পারেনি পুলিশ।

এ ঘটনায় জড়িত সন্দেহে বিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশিককে প্রাথমিক সদস্য পদসহ সব দলীয় পথ থেকে বহিষ্কার করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন বিরামপুর পৌরশহরের কল্যাণপুর মহল্লার রিয়াজুল ইসলাম ওরফে শিয়ালুর ছেলে আশিক (২৬), পূর্বপাড়া মহল্লার আনোয়ার হোসেনের ছেলে আল রেহমান ওরফে অরণ্য (২০), শিমুলতলী মহল্লার লুৎফর রহমানের ছেলে সাগর রহমান (২৪) ও প্রফেসরপাড়ার মোতালেব হোসেনের ছেলে আরিফুল ইসলাম (২০)। এদের মধ্যে আশিক স্বেচ্ছাসেবক দলের বিরামপুর পৌর শাখার যুগ্ম আহ্বায়ক।

পলাতক আসামিরা হলেন বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ার সাইফুল ইসলামের ছেলে মো. সানি (১৯), রাকিবুল হাসান ওরফে রিফাত (২৫) এবং উপজেলার ৩ নম্বর খানপুর ইউনিয়ন পরিষদের সদস্য সোহেল রানা (৪২)।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার বিকেলে জেলার ফুলবাড়ি উপজেলার উত্তর সুজাপুরের বাসিন্দা ও মিষ্টি জুয়েলার্সের স্বত্বাধিকারী মানিক দত্ত তার ব্যবসায়ীর সোনা (আংটি, চেইন, বালা ও নাকফুল) হলমার্ক করতে বিরামপুর গোল্ড হলমার্ক সেন্টারে আসেন। কাজ শেষে তার সহকর্মী সোহেল রানাকে (চালক) সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে ফুলবাড়ির পথে রওয়ানা হন। পথে বিরামপুরের দুর্গাপুর এলাকায় দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কে পুলিশ বক্সের সামনে দুটি মোটরসাইকেলে করে ৯-১০ জন তার পথরোধ করেন।

এসময় তারা অস্ত্র দেখিয়ে মানিক দত্তের প্যান্টের পকেটে থাকা সোয়া ৮ ভরি ওজনের সোনার পাত এবং মোটরসাইকেলচালক সোহেল রানার মানিব্যাগ থেকে এক হাজার টাকা ছিনিয়ে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

বিষয়টি নিশ্চিত করে বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সরকার বলেন, ব্যবসায়ীর সোয়া আট ভরি সোনা ডাকাতির মামলায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতার ও ডাকাতি হওয়া সোনা উদ্ধারে অভিযান চলছে।

মো. মাহাবুর রহমান/এসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।