বিশ্বকাপ উপলক্ষে নিউইয়র্কে মামদানির বিশেষ আয়োজন

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পিএম, ২৮ এপ্রিল ২০২৬

ফিফা বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর দিয়েছে নিউইয়র্ক সিটি প্রশাসন। বিশ্বকাপ ম্যাচের টিকিটের উচ্চমূল্যের কারণে যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবেন না, তাদের জন্য শহরের পাঁচটি বরোতেই (এলাকা) আয়োজন করা হচ্ছে বিনামূল্যের ‘ফ্যান ফেস্ট’।

সোমবার নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি আনুষ্ঠানিকভাবে এই আয়োজনের ঘোষণা দেন। তার সঙ্গে ছিলেন নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হচুল।

আয়োজকরা জানিয়েছেন, প্রতিটি ফ্যান ফেস্টে থাকবে বড় পর্দায় বিশ্বকাপ ম্যাচ দেখার ব্যবস্থা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, খাবার ও বিভিন্ন বিনোদনমূলক কার্যক্রম। লক্ষ্য হলো- বিশ্বকাপের আবহ পুরো শহরজুড়ে ছড়িয়ে দেওয়া এবং সাধারণ সমর্থকদের জন্য উৎসবকে সহজলভ্য করা।

নিউইয়র্কের পাঁচ বরোতে (পাঁচটি বড় এলাকা) নির্ধারিত ভেন্যুগুলোর মধ্যে রয়েছে ম্যানহাটনের বিখ্যাত রকফেলার সেন্টার, কুইন্সের বিলি জিন কিং ন্যাশনাল টেনিস সেন্টার, ব্রুকলিনের ব্রুকলিন ব্রিজ পার্ক, ব্রঙ্কসে ইয়াঙ্কি স্টেডিয়ামের কাছের একটি শপিং সেন্টার এবং স্ট্যাটেন আইল্যান্ডের একটি মাইনর লিগ বেসবল স্টেডিয়াম।

এছাড়া নিউ জার্সির হ্যারিসনে স্পোর্টস ইলাস্ট্রেটেডে স্টেডিয়ামে আরও একটি বিশেষ ফ্যান ইভেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে সেখানে প্রবেশমূল্য ধরা হয়েছে ১০ ডলার। এই স্টেডিয়ামটি নিউ ইয়র্ক রেড বুলসের হোম ভেন্যু হিসেবে পরিচিত।

বিশ্বকাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। তবে আয়োজকরা জানিয়েছেন, শুধুমাত্র গণপরিবহনে স্টেডিয়ামে যাওয়া-আসার খরচই প্রায় ১৫০ ডলার পর্যন্ত হতে পারে। ফলে অনেক সমর্থকের পক্ষেই সরাসরি মাঠে গিয়ে খেলা দেখা কঠিন হয়ে দাঁড়াতে পারে।

এমন বাস্তবতা মাথায় রেখেই বিনামূল্যের ফ্যান ফেস্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র মামদানি। ফুটবলের বড় সমর্থক হিসেবে পরিচিত এই মেয়র বলেন, ‘পৃথিবীর সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট উপভোগ করতে কারও যেন সঞ্চয় ভাঙতে না হয়।’

শুধু নিউইয়র্ক নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য বিশ্বকাপ আয়োজক শহরেও একই ধরনের ফ্যান ফেস্ট আয়োজনের পরিকল্পনা নেওয়া হচ্ছে। আয়োজকদের আশা, এসব আয়োজন বিশ্বকাপকে শুধু স্টেডিয়ামের মধ্যে সীমাবদ্ধ না রেখে শহরের সাধারণ মানুষের কাছেও উৎসবের রূপে পৌঁছে দেবে।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।