মৌলভীবাজারে পানিবন্দি ৫ শতাধিক পরিবার
দুদিনের অব্যাহত বৃষ্টি ও উজান থেকে আশা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পাঁচ শতাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। একই সঙ্গে জেলার চারটি নদ নদীর পানি বাড়ছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) জেলার বিভিন্ন উপজেলায় খোঁজ নিয়ে জানা যায়, জুড়ী নদে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা, মনু ও ধলাই নদে পানি বেড়েছে। অব্যাহত বৃষ্টি থাকলে বন্যা হওয়ার শঙ্কা রয়েছে। রাজনগর উপজেলার রাজনগর ইউনিয়নে পূর্ব নন্দীউড়া ও ভুজবল গ্রামে উদনা নদী সংলগ্ন এলাকাগুলোতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এতে আশপাশের বসতবাড়ি ও রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে।
কমলগঞ্জ উপজেলা মুন্সীবাজার, আদমপুর ও পতনঊষার ইউনিয়ন এবং জগন্নাথপুর এলাকায় বেশকিছু ঘরবাড়ি তলিয়ে গেছে। একইভাবে কুলাউড়া ও বড়লেখা উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। সবমিলিয়ে জেলায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস জানায়, সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলায় ১৮৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী কয়েকদিন আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কমলগঞ্জের মুন্সীবাজার ইউনিয়নের পানিবন্দি কাওছার আহমেদ ও নজরুল আহমেদ বলেন, দুদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে। আজ সকালে রাস্তাঘাট তলিয়ে গেছে। বাড়িতে পানি উঠেছে। টানা তিনদিন ধরে বিদ্যুৎ নেই। সবমিলিয়ে মহা কষ্টে আছি।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খালেদ বিন ওয়ালিদ বলেন, জেলার প্রধান চারটি নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে অতি বৃষ্টি হলে বন্যা হতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ ছাদু মিয়া বলেন, আমরা চাল ও নগদ টাকা বরাদ্দের জন্য প্রস্তুত করেছি।
মাহিদুল ইসলাম/এএইচ/এমএস