জামিনে বের হতেই কারাফটকে ফের গ্রেফতার যুবলীগ নেতা
মাগুরায় জামিনে বের হয়ে কারাফটকে ফের গ্রেফতার হয়েছেন কুতুবুল্লাহ হোসেন মিয়া কুটি নামের সাবেক এক যুবলীগ নেতা।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় মাগুরা জেলা কারাগার থেকে জামিনে বের হওয়ার সঙ্গে সঙ্গে কারাফটক এলাকা থেকে পুনরায় তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কুটি শ্রীপুর উপজেলার সাবেক যুবলীগ সভাপতি এবং শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংশ্লিষ্ট একটি তদন্তাধীন মামলায় আগে তাকে গ্রেফতার করা হয়েছিল। ওই মামলায় জামিনে বের হন তিনি। পরে তার বিরুদ্ধে থাকা আরেকটি মামলায় গ্রেফতার দেখানো হয়।
গত বছরের ১৫ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসনে (মাগুরা সদর-শ্রীপুর) স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করে ফেরার পথে আঠারোখাদা এলাকায় গোয়েন্দা পুলিশের হাতে আটক হন কুটি। তখনই তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলার তথ্য সামনে আসে।
এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, তার বিরুদ্ধে অন্য মামলা থাকায় পুনরায় গ্রেফতার করা হয়েছে।
মিনারুল ইসলাম জুয়েল/এসআর/জেআইএম