ঘর আলো করে এলো প্রথম সন্তান, সপ্তাহ না যেতেই বজ্রপাত কাড়লো বাবার প্রাণ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে বজ্রপাতে সৌরভ মজুমদার (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের চরগঙ্গা গ্রামে এই দুর্ঘটনা ঘটে। মাত্র এক সপ্তাহ আগে প্রথম সন্তানের বাবা হওয়া সৌরভের এই আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের স্তব্ধতা নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির পাশের ফসলের মাঠে গরুকে ঘাস খাওয়াতে যান সৌরভ। এ সময় হঠাৎ আকাশে বিকট শব্দে বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সৌরভ মজুমদার ওই গ্রামের শাহ আলম মজুমদারের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, মাত্র এক সপ্তাহ আগে প্রথম সন্তানের বাবা হয়েছিলেন সৌরভ। এমন সময়ে তার আকস্মিক মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী ও পরিবারের অন্য সদস্যরা। অনিশ্চয়তায় পড়েছে নবজাতক সন্তানের ভবিষ্যৎ।
রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, সকালে বজ্রপাতের ঘটনায় ওই যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং পরিবারের পক্ষ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হবে, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
মাহমুদ হাসান রায়হান/কেএইচকে/এএসএম