খাবারে নিষিদ্ধ কেওড়া জলের ব্যবহার, রেস্টুরেন্টকে জরিমানা
নোয়াখালী জেলা শহরের মাইজদীতে খাবারে নিষিদ্ধ কেওড়া জল ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুতের অভিযোগে একটি রেস্টুরেন্টসহ তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ এপ্রিল) দুপুরে শহরের সুপার মার্কেট ও বড় মসজিদ মার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, মাইজদী সুপার মার্কেটের ‘মেসার্স আলিফ রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’-এ অভিযান চালিয়ে খাবারে অনুমোদনহীন নিষিদ্ধ কেওড়া জল ও নিম্নমানের লবণের ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এছাড়া ফ্রিজে একই সঙ্গে রান্না করা ও কাঁচা খাবার সংরক্ষণ এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই সময়ে শহরের বড় মসজিদ মার্কেট এলাকায় কসমেটিকসের দোকানে অভিযান চালানো হয়। নিষিদ্ধ রঙ ফর্সাকারী ক্রিম বিক্রির দায়ে মেসার্স জেসমিন কসমেটিকসকে ২ হাজার টাকা এবং অনুমোদনহীন নিষিদ্ধ পণ্য লুকিয়ে রাখায় মেসার্স কুইন কসমেটিকসকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে জব্দকৃত অবৈধ কসমেটিকসগুলো জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নেতৃত্ব দেওয়া জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. আছাদুল ইসলাম জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় এই অভিযান চালানো হয়েছে। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোকে জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে চূড়ান্তভাবে সতর্ক করা হয়েছে। জনসচেতনতা বৃদ্ধিতে শহরজুড়ে লিফলেটও বিতরণ করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/কেএইচকে/জেআইএম