রাজশাহীতে আগুনে পুড়লো টিসিবির পণ্য

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৫:২০ পিএম, ৩০ এপ্রিল ২০২৬

রাজশাহীর পবা উপজেলার ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে গোডাউনে থাকা বিপুল পরিমাণ ভোজ্য তেল, ডাল ও চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়ে গেছে।

বুধবার (২৯ এপ্রিল) ভোররাত আনুমানিক তিনটার দিকে নওহাটা কলেজ মোড় এলাকায় টিসিবি গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাতে নওহাটা কলেজ মোড় সংলগ্ন ওই গোডাউন থেকে আকস্মিক ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তেই আগুনের লেলিহান শিখা পুরো গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয়রাও আগুন নেভানোর কাজে যোগ দেন।

ঘটনাস্থল ঘুরে দেখা যায়, গোডাউনের ভেতরে থাকা সয়াবিন তেলের বোতল আগুনে গলে চারদিকে ছড়িয়ে পড়েছে। এছাড়া স্তূপ করে রাখা শত শত বস্তা পণ্য পুড়ে গেছে। আগুনের প্রচণ্ড তাপে গোডাউনের দেয়াল ও দরজা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এই অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার সরকারি মালামাল পুড়ে গেছে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, গোডাউনের ভেতরে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ (তেল) থাকায় আগুন পুরোপুরি নেভাতে বেশ বেগ পেতে হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট পরিমাণ জানাতে পারেনি তারা।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মতিন জানান, গোডাউনে আগুন লাগার বিষয়টি আমরা জেনেছি। এ ঘটনায় টিসিবির ডিলারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিরূপণে কাজ করছে।

মনির হোসেন মাহিন/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।