গতি ফিরছে চুয়াডাঙ্গা বিসিকে, হাজারো কর্মসংস্থানের হাতছানি

হুসাইন মালিক
হুসাইন মালিক হুসাইন মালিক চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৮:০৫ পিএম, ৩০ এপ্রিল ২০২৬
চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরী/ছবি-জাগো নিউজ
  • দুই লাখ ১০ হাজার টাকা শতকে মিলছে প্লট
  • বেড়েছে প্লট বিক্রির চাহিদা
  • ১৫-২০ শতাংশ ডাউনপেমেন্টে কার্যক্রম শুরুর সুযোগ
  • নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ ছাড়

চুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর কার্যক্রম ধীরে ধীরে দৃশ্যমান হয়ে উঠছে। শিল্প-কারখানা স্থাপনের পাশাপাশি কোথাও কোথাও উৎপাদনও শুরু হয়েছে। প্লট বিক্রির কার্যকমও চলছে পুরোদমে। এরইমধ্যে অর্ধেকের বেশি প্লট বিক্রি হয়ে গেছে। অবশিষ্ট প্লটও দ্রুত বিক্রির আশা করা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, এ শিল্পাঞ্চল পুরোপুরি চালু হলে কয়েক হাজার বেকার মানুষের কর্মসংস্থানের সম্ভাবনা তৈরি হবে। উদ্যোক্তাদের দাবি, নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা, সহজ শর্তে স্বল্প সুদের ব্যাংক ঋণসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে শিল্প কার্যক্রম আরও গতিশীল হবে।

গতি ফিরছে চুয়াডাঙ্গা বিসিকে, হাজারো কর্মসংস্থানের হাতছানিবিসিকের প্রতি শতক প্লটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার টাকা/ছবি-জাগো নিউজ

‘৪১ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ শিল্পনগরীতে পাঁচ ধরনের মোট ৭৮টি প্লট রয়েছে। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে প্রথম ধাপে প্লট বরাদ্দ শুরু হয়। এর মধ্যে ৩৬ জন উদ্যোক্তা ৪৩টি প্লট কিনেছেন। প্রতি শতক প্লটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার টাকা’

খোঁজ নিয়ে জানা গেছে, ২০২১ সালের জুন মাসে চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামে ২৫ দশমিক ১২ একর জমির ওপর গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। ৪১ কোটি ৯২ লাখ ৪৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ শিল্পনগরীতে পাঁচ ধরনের মোট ৭৮টি প্লট রয়েছে। ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি থেকে প্রথম ধাপে প্লট বরাদ্দ শুরু হয়। এর মধ্যে ৩৬ জন উদ্যোক্তা ৪৩টি প্লট ক্রয় করেছেন। প্রতি শতক প্লটের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই লাখ ১০ হাজার টাকা।

শিল্পনগরীতে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা, প্রশস্ত পাকা সড়ক, পানির পাইপলাইন ও পাম্প, বিদ্যুৎ সংযোগ, ডাম্পিং ইয়ার্ড, পুকুর, অফিস ও কোয়ার্টারসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এখানে কৃষিযন্ত্র, সার ও কীটনাশক, স্টিল মিল, অ্যালুমিনিয়ামের তৈজসপত্রসহ বিভিন্ন ধরনের শিল্পপ্রতিষ্ঠান গড়ে ওঠার কথা রয়েছে।

গতি ফিরছে চুয়াডাঙ্গা বিসিকে, হাজারো কর্মসংস্থানের হাতছানিচুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামে ২৫ দশমিক ১২ একর জমির ওপর গড়ে উঠেছে বিসিক শিল্পনগরী/ছবি-জাগো নিউজ

সরেজমিনে দেখা গেছে, শিল্পনগরীতে একের পর এক কারখানা নির্মাণকাজ চলমান। ছোট-বড় নানা প্রতিষ্ঠান গড়ে উঠছে। কিছু কিছু প্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে।

বিসিক কর্তৃপক্ষ জানায়, ৭৮টি প্লটের মধ্যে এরইমধ্যে ৪৩টি বিক্রি হয়ে গেছে। বাকি রয়েছে ৩৫টি। সংশ্লিষ্টরা মনে করছেন, এগুলোও দ্রুত বিক্রি হয়ে যাবে।

‘বিসিকে সবচেয়ে বড় সুবিধা হলো ১৫-২০ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে উদ্যোক্তারা কারখানা নির্মাণ করে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেন। পাঁচ শতাংশ সুদে ছয় মাস পরপর ১২-২৪ কিস্তিতে অবশিষ্ট টাকা ৬-৭ বছরে পরিশোধ করার সুযোগ রয়েছে’—উপব্যবস্থাপক

বিসিক শিল্পনগরীর কৃষাণ এগ্রো কেমিক্যালসের মালিক ফেরদৌস জাগো নিউজকে বলেন, ‘এখানকার পরিবেশ ভালো, জমির দাম তুলনামূলক কম। তবে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা এবং ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পাওয়া গেলে কার্যক্রমে আরও গতি আসবে।’

সুইট এগ্রোভেটের মালিক মনজুরুল হুদা বলেন, ‘চুয়াডাঙ্গায় শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করলে খরচ অন্য জায়গার তুলনায় কম পড়ে। যোগাযোগ ব্যবস্থাও ভালো। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান হবে। আমদানিনির্ভরতাও কমবে।’

গতি ফিরছে চুয়াডাঙ্গা বিসিকে, হাজারো কর্মসংস্থানের হাতছানিউৎপাদনে ফিরেছে বিসিকের কিছু কারখানা/ছবি-জাগো নিউজ

আরও পড়ুন:
বিসিকের জায়গা সংকটে স্বপ্ন ভাঙছে নতুন উদ্যোক্তাদের
বিসিকে রাজনৈতিক বিবেচনায় প্লট দেওয়া হয়েছে: আদিলুর রহমান
মাত্র ২ বছরেই চামড়া শিল্পে বাজিমাত উদ্যোক্তা তাহমিনার

স্থানীয় উদ্যোক্তা মো. সোহেল জাগো নিউজকে বলেন, ‌‘অন্তত ২০টি শিল্পকারখানা নিয়মিত হলে এখানে এলপিজি গ্যাস স্টেশন ও অন্যান্য সুবিধা আরও বাড়বে বলে কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে।’

প্লট বিক্রির চাহিদা বর্তমানে অনেক বেড়েছে বলে জানান চুয়াডাঙ্গা বিসিকের উপব্যবস্থাপক এ বি এম আনিসুজ্জামান।

গতি ফিরছে চুয়াডাঙ্গা বিসিকে, হাজারো কর্মসংস্থানের হাতছানিচুয়াডাঙ্গা বিসিক শিল্পনগরীর প্রধান ফটক/ছবি-জাগো নিউজ

তিনি বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের স্থাপনা নির্মাণকাজ চলছে। কয়েকটি প্রতিষ্ঠানে এরইমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান তৈরি হচ্ছে। উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে।’

উপব্যবস্থাপক আশা প্রকাশ করে বলেন, ‘আগামী দুই বছরের মধ্যে অবশিষ্ট ৩৫টি প্লট বিক্রি সম্ভব হবে। উদ্যোক্তাদের জন্য আরও কী ধরনের সুবিধা বাড়ানো যায়, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

আরও পড়ুন:
ময়মনসিংহের ফিটফাট বিসিকের ভেতরের অবস্থা ‘সদরঘাট’
রেকর্ড মুনাফার আড়ালে শুভঙ্করের ফাঁকি, ১০ হাজার বিঘা জমির দাম ৫ লাখ!
৮-১২ ঘণ্টায়ই লোডশেডিং, গাজীপুরে ব্যাহত কারখানার উৎপাদন

বর্তমানে বিসিক শিল্পনগরীতে বরাদ্দপ্লটগুলোতে খাদ্য ও পানীয় প্রক্রিয়াকরণ, হালকা প্রকৌশল ও ধাতব শিল্প, কেমিক্যাল ও কসমেটিকস, তৈরি পোশাক, ফার্নিচার, কাগজ ও প্রিন্টিং ও প্যাকেজিংসহ বিভিন্ন কারখানা স্থাপনের কাজ চলমান।

গতি ফিরছে চুয়াডাঙ্গা বিসিকে, হাজারো কর্মসংস্থানের হাতছানিবিসিক জেলা কার্যালয় চুয়াডাঙ্গা/ছবি-জাগো নিউজ

কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের উদ্যোক্তাদের সহায়তায় বিসিক বিভিন্ন অবকাঠামোগত সুবিধা-যেমন বিদ্যুৎ, পানি, ড্রেন, রাস্তা, কালভার্ট ইত্যাদি সম্পন্ন করেছে। পাশাপাশি আর্থিক সুবিধা হিসেবে নারী উদ্যোক্তাদের ১৫ শতাংশ ও পুরুষদের ২০ শতাংশ ডাউনপেমেন্টে প্লট দেওয়া হচ্ছে। বছরে দুইবার জুন ও ডিসেম্বর মাসে প্লট বরাদ্দ মিলছে।

চুয়াডাঙ্গা বিসিকের উপব্যবস্থাপক এ বি এম আনিসুজ্জামান জানান, বিসিকে সবচেয়ে বড় সুবিধা হলো ১৫-২০ শতাংশ ডাউনপেমেন্ট দিয়ে উদ্যোক্তারা কারখানা নির্মাণ করে বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারেন। পাঁচ শতাংশ সুদে ছয় মাস পরপর ১২-২৪ কিস্তিতে অবশিষ্ট টাকা ৬-৭ বছরে পরিশোধ করার সুযোগ রয়েছে।

এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।