খেজুরের গুদামে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২ ইউনিট
বগুড়া শহরের জামিলনগর এলাকায় একটি খেজুরের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৪টার দিকে শহরের আজিজুল হক কলেজের সামনে অবস্থিত মেসার্স সায়েম ট্রেডার্স খেজুরের গুদামে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, হঠাৎ করেই গুদামটিতে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে বগুড়া সদর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে সদর থানার পুলিশ সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন।
সায়েম ট্রেডার্সের স্বত্বাধিকারীর বড় ছেলে ডা. রায়হান জানান, বিদেশ ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে খেজুর এনে এখানে আবার বাছাই করে প্যাকেটজাত করা হতো। হাসপাতাল থেকে এসে বাসায় খাবার খাওয়ার সময় মার থেকে শুনি গোডাউন থেকে ধোঁয়া বের হচ্ছে। এসে দেখি বৈদ্যুতিক স্পার্ক হচ্ছে।
ডা. রায়হান আরও জানান, গুদামের ছাদে প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খালি কার্টুন মজুত ছিল। ভেতরে থাকা এক কনটেইনারের বেশি আমদানিকৃত খেজুর ও দুটি প্যাকেজিং মেশিন আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া খেজুর পরিবহনের একটি পিকআপ ভ্যান ভস্মীভূত হয়েছে এবং অন্য একটি গাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। তাৎক্ষণিকভাবে সঠিক হিসাব করা সম্ভব না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ আড়াই কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করছেন।
বগুড়া ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক স্টেশন অফিসার রফিকুজামান বলেন, স্থানীয়দের থেকে খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চলছে। তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কত, তা তাৎক্ষণিকভাবে বলা সম্ভব নয়। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আরও কিছু সময় লাগতে পারে।
এলবি/এনএইচআর/এমএস