বজ্রপাতে নিহত, ঘেরেই পড়ে ছিল ব্যবসায়ীর মরদেহ
সাতক্ষীরার আশাশুনি উপজেলার আনুলিয়া ইউনিয়নে বজ্রপাতে এমডি সুমন হোসেন (২৮) নামের এক মৎস্য ঘের ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। একদিন পর ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুধবার (২৯ এপ্রিল) দিনগত রাতে উপজেলার আনুলিয়া দক্ষিণ একসরা বিলে অবস্থিত মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। নিহত সুমন হোসেন দক্ষিণ একসরা গ্রামের আব্দুল মান্নান মোল্লার ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার রাতেও খাবার শেষে সুমন বাড়ি থেকে নিজ ঘেরে যান। রাতে ঘেরে অবস্থানকালে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরদিন সকালে আব্দুল জলিল নামের এক ব্যক্তি কাঁকড়া কিনতে ঘেরে গিয়ে সুমনকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তিনি ঘেরে থাকার ঘরের ভেতরে প্রবেশ করলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি পরিবারের সদস্যদের জানানো হয়।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বাদ আসর দক্ষিণ একসরা জামে মসজিদ মাঠে নিহতের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
আহসানুর রহমান রাজীব/এসআর/জেআইএম