বাস্তবায়নের পথে যশোর হার্ট ফাউন্ডেশন, জমি বরাদ্দ দিলো সরকার
যশোরে হৃদরোগীদের উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করতে ‘যশোর হার্ট ফাউন্ডেশন’-এর নামে জমি বরাদ্দ দিয়েছে সরকার।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রতিষ্ঠানের নামে জমির রেজিস্ট্রেশন সম্পন্ন করে প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন।
যশোর হার্ট ফাউন্ডেশন সূত্রে জানা গেছে, বৃহত্তর যশোর অঞ্চলে পূর্ণাঙ্গ ও মানসম্মত হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা না থাকায় জটিল রোগীদের ঢাকা বা অন্য বিভাগীয় শহরে যেতে হতো। এই প্রয়োজনীয়তা বিবেচনা করে গত বছরের এপ্রিল মাসে খাস জমি বরাদ্দের আবেদন করা হয়। জনগুরুত্ব বিবেচনা করে শহরতলীর মালঞ্চী এলাকায় এক একর পাঁচ শতাংশ জমি ফাউন্ডেশনের নামে বরাদ্দ দেওয়া হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জমি বরাদ্দের সকল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জমির রেজিস্ট্রি শেষে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির কাছে কাগজপত্র বুঝিয়ে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।
ফাউন্ডেশনের সভাপতি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. এমএম রশিদ বলেন, যশোরে এখনো পূর্ণাঙ্গ ও মানসম্পন্ন হৃদরোগ চিকিৎসার স্থায়ী ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে জটিল রোগে আক্রান্তদের ঢাকাসহ বিভিন্ন বিভাগীয় শহরে যেতে হয়। এই বাস্তবতায় বৃহত্তর যশোর অঞ্চলের জন্য একটি পূর্ণাঙ্গ হৃদরোগ চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা সময়ের দাবি ছিল। সেই লক্ষ্যেই গত বছরের এপ্রিল মাসে খাস জমি বরাদ্দের জন্য আবেদন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জমি বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে জমির রেজিস্ট্রি শেষে ফাউন্ডেশনের নির্বাহী কমিটির কাছে কাগজপত্র হস্তান্তর করা হয়।
যশোর হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোস্তাক হোসেন শিম্বা জানান, ২০২৫ সালের ৭ ফেব্রুয়ারি আহ্বায়ক কমিটির প্রথম সভার মাধ্যমে এই প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এরপর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের অনুমোদন, গঠনতন্ত্র প্রণয়ন এবং সমাজসেবা অধিদপ্তরের নিবন্ধন সম্পন্ন করা হয়। জমি প্রাপ্তিকে তিনি ফাউন্ডেশনের অগ্রযাত্রায় একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন।
এদিকে, জমির কাগজপত্র হস্তান্তরের সময় জেলা প্রশাসক কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয় এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে মিষ্টিমুখের আয়োজন করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার, ডেপুটি কালেক্টর (রেভিনিউ) বাসুদেব কুমার মালো উপস্থিত ছিলেন। হার্ট ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব শফিউল হক, বীরমুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, যশোর হার্ট ফাউন্ডেশনের সভাপতি চিন্ময় সাহা, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মুস্তাক হোসেন শিম্বা, সদস্য রফিকুল ইসলাম আরজু, তবিবর রহমান, আতিয়ার রহমান, খান তাজ উদ্দিন, শ্রাবস্তী আহমেদ, অধ্যক্ষ মাহাবুবুর রহমান প্রমুখ।
মিলন রহমান/কেএইচকে/জেআইএম