ময়মনসিংহে ট্রেনের ইঞ্জিন বিকল, ৩ ঘণ্টা বিলম্বে যাত্রা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ময়মনসিংহ
প্রকাশিত: ০২:৩৬ পিএম, ০২ মে ২০২৬

ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বিকলের প্রায় তিন ঘণ্টা পর বিলম্বে গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি। এ ঘটনা ট্রেনটিতে ভ্রমণ করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

শনিবার (২ মে ) বেলা ১২টার দিকে ঢাকার উদ্দেশ্য গফরগাঁও রেলওয়ে স্টেশন ছেড়ে যায়। এর আগে সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশনে ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন।

তিনি বলেন, জামালপুরের দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি সকাল ৯টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন পৌঁছলে ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। পরে ট্রেনটিতে কর্তব্যরত চালক ও কর্মীরা চেষ্টা করেও ইঞ্জিনের ত্রুটি না সারাতে পারায় ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে বেলা ১২টার দিকে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়।

ওসি আকতার হোসেন আরও বলেন, ইঞ্জিন বিকলের ঘটনায় রেলওয়ে স্টেশনটির একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা-ময়মনসিংহে রেলযোগাযোগ স্বাভাবিক রাখা হয়।

কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।