জ্বালানি তেল নিয়ে বিরোধ, দুই গ্রামের সংঘর্ষ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:১২ পিএম, ২৯ এপ্রিল ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জ্বালানি তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।

বুধবার (২৯ এপ্রিল) সকালে দাদনচক হল মোড়ের মির্জা ফিলিং স্টেশন এলাকায় বাররশিয়া ও দাদনচক গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ২৭ এপ্রিল বিকেলে ওই ফিলিং স্টেশনে তেল নেওয়ার সময় বাররশিয়া ও দাদনচক গ্রামের দুই যুবকের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। এ ঘটনার জের ধরে ২৮ এপ্রিল দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে ওইদিন রাতে দাদনচক গ্রামের কৃষক আজিজুল হক বাররশিয়া মাঠে সেচ দিতে গেলে তাকে আটকে রাখা হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার সকাল ৯ টার দিকে মনাকষা-শিবগঞ্জ সড়কের মাঝামাঝি এলাকায় দুই পক্ষের মধ্যে আবারও সংঘর্ষ শুরু হয়। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে দাদনচক হল মোড়ে কয়েকটি দোকানঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটে।

দূর্লভপুর ইউপি চেয়ারম্যান আজম আলি জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে পুলিশসহ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে উভয়পক্ষকে নিয়ে বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম জানান, সংঘর্ষের পর মির্জা ফিলিং স্টেশনটি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ.এন.এম. ওয়াসিম ফিরোজ বলেন, সংঘর্ষের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়। পুলিশের দ্রুত হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বর্তমানে এলাকাটি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং প্রধান সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

সোহান মাহমুদ/এনএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।