চুয়াডাঙ্গায় হামে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪
চুয়াডাঙ্গায় হামে আক্রান্ত হয়ে আমির হামজা (৮ মাস) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২ মে) বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন কুড়ুলগাছি গ্রামের ইব্রাহিমের ছেলে।
এর আগে গত ২৪ এপ্রিল ৯ মাস হুমাইরা নামের এক শিশুর মৃত্যু হয়েছিল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ১৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে ৩ জন ছাড়পত্র নিয়েছেন। ফলে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১৪ জন রোগী।
এ পর্যন্ত জেলায় মোট ৭৪ জন হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মোট মৃত্যু হয়েছে ৩ জনের। আজকের এই মৃত্যুসহ পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে স্বাস্থ্য সংশ্লিষ্টদের মধ্যে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আরএমও ডা. নাজমুস সাকিব বলেন, শনিবার সকালে হামের উপসর্গ নিয়ে আমির হামজা নামের এক শিশুর মৃত্যু হয়েছে। দিনদিন হামে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে, যার ফলে হাসপাতালে রোগীর চাপও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
তিনি আরও বলেন, পর্যাপ্ত স্থানসংকুলানের অভাবে নতুন করে বৃহৎ পরিসরে আইসোলেশন ব্যবস্থা চালু করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ১৪ জন রোগী ভর্তি রয়েছে।
হুসাইন মালিক/এমএন/এমএস