শরীয়তপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
শরীয়তপুরের আংগারিয়ায় ভ্যান চোর সন্দেহে গণপিটুনিতে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শনিবার (২ মে) পালং মডেল থানায় বাদী হয়ে হত্যা মামলা করেছেন আংগারিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ কামাল উদ্দিন।
এর আগে শুক্রবার (১ মে) সকালে সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নের সিঙ্গাইরা এলাকায় গণপিটুনির ঘটনা ঘটে।
নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পিবিআই সদস্যরা মরদেহ থেকে একাধিকবার আঙুলের ছাপ সংগ্রহ করেও তার পরিচয় নিশ্চিত করতে পারেননি। ময়নাতদন্তের জন্য মরদেহটি শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আগামীকাল তার মরদেহ ময়নাতদন্ত করা হবে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ভোর রাতে সিঙ্গাইরা এলাকায় ভ্যানচালক ইমান আলী মোল্লার বাড়িতে ভ্যান চুরির উদ্দেশ্যে ওই ব্যক্তি বাড়িতে প্রবেশ করেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেলে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে সন্দেহভাজন ওই ব্যক্তিকে আটক করে। এর পরপরই উত্তেজিত জনতা ওই ব্যক্তিকে বেধড়ক মারধর করে। এতে ওই ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয় কয়েকজন তাকে বেলা ১২টার দিকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় শনিবার অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে হত্যা মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও পালং মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক মতিউর রহমান বলেন, আমরা বিষয়টি গোপালগঞ্জ পিবিআইকে জানালে তারা মরদেহের আঙুলের ছাপ নেয়। তবে এরপরেও অনলাইনে তার ভোটার আইডি কার্ড কিংবা পরিচয় শনাক্ত করা যায়নি। আমরা ইতোমধ্যে বিষয়টি তদন্ত করছি। এই হত্যার ঘটনায় যারা জড়িত তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।
বিষয়টি নিয়ে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ভ্যান চুরির ঘটনায় গণপিটুনির শিকার ওই ব্যক্তির মৃত্যুতে একটি হত্যা মামলা করা হয়েছে। ইতোমধ্যে ওই ব্যক্তির পরিচয় শনাক্তে তদন্ত চলমান রয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।
বিধান মজুমদার অনি/এমএন/এমএস