শেরপুর সীমান্তে মানবপাচার চক্রের ‘মূল হোতা’ ফারুক গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৮:৩৮ পিএম, ০৩ মে ২০২৬

শেরপুরের শ্রীবরদী সীমান্তে দীর্ঘদিন ধরে সক্রিয় মানবপাচার চক্রের ‘মূল হোতা’ হিসেবে পরিচিত ফারুককে (৪০) আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (৩ মে) সীমান্তবর্তী বাবেলাকোনা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার ফারুক একাধিক মানবপাচার মামলার এজাহারভুক্ত আসামি। দুপুরে তাকে শ্রীবরদী থানায় হস্তান্তর করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সিংগাবরুনা ইউনিয়নের বকুলতলা গ্রামের সলি মিয়ার ছেলে ফারুক মিয়া দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় মানবপাচারসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল। বিজিবির নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কর্ণঝোড়া সীমান্ত ফাড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান ও নায়েক নাজমুলের নেতৃত্বে পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করে শ্রীবরদী থানার এসআই মো. মোরশেদ আলম জানান, ফারুকের বিরুদ্ধে মানবপাচারের অন্তত দুটি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

সীমান্তবর্তী এলাকার বাসিন্দারা জানান, এই গ্রেফতারের মাধ্যমে সীমান্ত অঞ্চলে মানবপাচার কার্যক্রমে বড় ধরনের ধাক্কা লাগবে। ফারুক একজন বড় মাপের কারবারি। আর মানবপাচার রোধে এমন অভিযান অব্যহত রাখার দাবিও তাদের।

এ বিষয়ে কর্ণঝোড়া সীমান্ত ফাঁড়ির ইনচার্জ নায়েক সুবেদার সাইদুর রহমান বলেন, ফারুক সীমান্ত এলাকায় মানবপাচার চক্রের অন্যতম প্রধান সক্রিয় সদস্য। তাকে আইনের আওতায় আনা হয়েছে। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

মো. নাঈম ইসলাম/কেএইচকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।