সুন্দরবনে ফের দুই বনজীবী অপহরণ
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ফের দুই বনজীবীকে অপহরণের ঘটনা ঘটেছে। রোববার (৩ মে) সকালে সুন্দরবনের মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকায় জলদস্যুদের হাতে তারা অপহৃত হন।
অপহৃতরা হলেন—শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর গ্রামের মিজানুর শেখের ছেলে ইসমাইল শেখ (২৮) এবং একই গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে আব্দুল করিম (৪৮)।
সহযোগী বনজীবীরা জানান, গত ২৬ ও ২৮ এপ্রিল কদমতলা স্টেশন থেকে বৈধ পাশ নিয়ে তারা সুন্দরবনে প্রবেশ করেন। ইসমাইল শেখ মাছ শিকার এবং আব্দুল করিম মধু সংগ্রহের কাজে বনাঞ্চলে যান। রোববার সকালে মাহমুদা নদীর মাইটভাঙা খাল এলাকায় অবস্থানকালে আলিম ওরফে আলিফ বাহিনীর সদস্যরা দুটি নৌকাযোগে এসে তিনটি নৌকা ঘিরে ফেলে। পরে সেখান থেকে ইসমাইল ও আব্দুল করিমকে জিম্মি করে তুলে নিয়ে যায়।
বনজীবীদের দাবি, অপহরণের পর থেকে এখনও পর্যন্ত অপহরণকারীরা কোনো মুক্তিপণ দাবি করেনি। তবে ঘটনায় বনজীবীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক মশিউর রহমান বলেন, বনজীবী অপহরণের বিষয়ে এখনও কেউ আনুষ্ঠানিক অভিযোগ করেনি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জিম্মিদের নিরাপত্তার কথা বিবেচনায় অনেক সময় স্বজনরা তাৎক্ষণিকভাবে প্রশাসনকে কিছু জানায় না। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আহসানুর রহমান রাজীব/কেএইচকে/এমএস