জামায়াতের ৩ নেতাকর্মীর ওপর মৌমাছির আক্রমণ, একজন সংকটাপন্ন
কুড়িগ্রামের উলিপুরে মৌমাছির আক্রমণে জামায়াতে ইসলামীর তিন নেতাকর্মী আহত হয়েছেন।
সোমবার (৪ মে) বিকেলে উপজেলার বজরা ইউনিয়নের বীরহিম গ্রামের স্থানীয় রব্বানি মিয়ার বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন বজরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সামিউল ইসলাম (৩৫), ওলামা বিভাগের সভাপতি ফিরোজ হোসেন (৩৭) এবং কর্মী তোজাম্মেল মিয়া (৪৭)। তারা সবাই মধ্য বজরা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে মৌমাছির ঝাঁক তাদের ওপর আক্রমণ করে। এতে তারা মোটরসাইকেল থেকে নেমে দ্রুত পাশের একটি বাড়িতে আশ্রয় নেন। পরে আগুন জ্বালিয়ে মৌমাছি তাড়ানোর চেষ্টা করা হয়। তবে এরই মধ্যে তিনজন আহত হন।
প্রত্যক্ষদর্শী নাজমুল ইসলাম জানান, জামায়াতে ইসলামীর একটি কর্মসূচিতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় দুজনকে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ফারহানা বিনতে ফারুক বলেন, মৌমাছির কামড়ে আহত দুজন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে তোজাম্মেল মিয়া নামের একজনকে অন্তত ৪০টির মতো কামড় দেওয়ায় তিনি গুরুতর আহত হন। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুরে রেফার করা হয়েছে।
রোকনুজ্জামান মানু/এসআর/এএসএম