বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে প্রাণ গেলো শিক্ষার্থীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:১৪ পিএম, ০৪ মে ২০২৬

সিরাজগঞ্জ সদরে ‎প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে বায়েজিদ হোসেন (১০) নামে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (৪ মে) দুপুরে সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ বাগানে পানি দেওয়ার সময় সে পড়ে যায়। পরে শিক্ষকরা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত বায়েজিদ হোসেন সারটিয়া কলেজপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুলের তিনতলা ভবনের ছাদ বাগানে বায়েজিদসহ ৪-৫ শিক্ষার্থী পানি দিচ্ছিল। এক পর্যায়ে বায়েজিদ ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়। পরে আশংকাজনক অবস্থায় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জাগো নিউজকে বলেন, স্কুলের তিনতলা ভবনের ছাদ থেকে পড়ে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এম এ মালেক/এএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।