সুনামগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত বেড়ে ৪
সুনামগঞ্জ-সিলেট সড়কের ছাতক উপজেলার জালালপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় আহতের মধ্যে আরও দুজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চারজনে।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন। এর আগে সোমবার (৪ মে) দুপুরে উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
চারজন নিহতের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন সিএনজির যাত্রী জেলার তাহিরপুর উপজেলার তিউর জালাল গ্রামের হাসেম আলীর ছেলে ইউসুফ আলী (৫৫)।
আরও পড়ুন:
সুনামগঞ্জে বাসের ধাক্কায় সিএনজির চালকসহ নিহত ২
হাইওয়ে পুলিশ জানায়, দুপুরে সিলেট থেকে যাত্রী নিয়ে সুনামগঞ্জের দিকে যাচ্ছিল রিফাত পরিবহনের একটি বাস। এসময় বিপরীত দিক থেকে আসছিল সিএনজিচালিত একটি অটোরিকশা। ছাতক উপজেলার জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে হঠাৎ বাসটি লেন পরিবর্তন করে বাম দিকে থেকে ডান দিকে চলে যায় এবং সিএনজিকে জোরে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী সিএনজিটি অনেক দূরে গিয়ে ছিটকে পড়ে।
এসয় বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান দিকের খাদে পড়ে উল্টে যায়। বাসের ধাক্কায় সিএনজি চালক ও যাত্রী ইউসুফ আলী ঘটনাস্থলেই মারা যান। আহত তিনজনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও দুজনকে মৃত ঘোষণা করেন।
সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার জাগো নিউজকে বলেন, যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজিচালকসহ চারজনের মৃত্যু হয়েছে। নিহত বাকি তিনজনের পরিচয় জানার চেষ্টা চলছে।
লিপসন আহমেদ/এসআর/এএসএম