সাবেক এমপি রুমীকে ফের শোন অ্যারেস্ট দেখালেন আদালত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৫ মে ২০২৬

লালমনিরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমীকে পুনরায় গ্রেফতার (শোন অ্যারেস্ট) দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৪ মে) বিকেলে রংপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাশেদ হোসেন এই আদেশ দেন। কোর্ট পরিদর্শক শাহিন আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার বিকেলে কঠোর পুলিশ পাহারায় সফুরা বেগম রুমীকে রংপুর কেন্দ্রীয় কারাগার থেকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাকে রমজান আলী হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন এবং পুনরায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পরিদর্শক শাহিন আলম জানান, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রংপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত রমজান আলী বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. আলম বাদশা আদালতে আবেদন করেন যে, এই হামলার ঘটনায় সফুরা খাতুনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে এই মামলায় গ্রেফতার দেখানো প্রয়োজন। বিজ্ঞ বিচারক শুনানি শেষে সেই আবেদন মঞ্জুর করেন।

গত ৮ এপ্রিল রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় সফুরা বেগম রুমীকে গ্রেফতার করে লালমনিরহাট ডিবি পুলিশ। পরে সম্প্রতি তাকে লালমনিরহাট কারাগার থেকে রংপুর কারাগারে স্থানান্তর করা হয়।

তার বিরুদ্ধে লালমনিরহাট সদর থানা, রংপুর কোতয়ালি এবং ঢাকার মোহাম্মদপুরসহ বিভিন্ন থানায় হত্যা, হত্যাচেষ্টা, নাশকতা ও প্রতারণার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

জিতু কবীর/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।