৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৭:০৮ পিএম, ০৬ মে ২০২৬

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় একটি স্পিনিং কারখানায় শ্রমিকরা।

বুধবার (৬ মে) দুপুরে উপজেলার যাত্রামুড়া এলাকায় ‘নোবেল কটন স্পিনিং মিলস লিমিটেড’ কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, সুতা উৎপাদনকারী এই কারখানায় প্রায় ৭০০ শ্রমিক কাজ করেন। মালিকপক্ষ চলতি বছরের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ না করে দীর্ঘক্ষণ টালবাহানা করছিল। এর আগে নারায়ণগঞ্জ শ্রমিক ফেডারেশন ইউনিয়নের হস্তক্ষেপে মালিকপক্ষ ৬ মে বেতন পরিশোধের আশ্বাস দিলেও বুধবার সকালে কারখানায় এসে শ্রমিকরা কর্তৃপক্ষের গড়িমসি দেখতে পান। এতে উত্তেজিত হয়ে শ্রমিকরা প্রথমে কারখানার সামনে বিক্ষোভ এবং পরে মহাসড়কে অবস্থান নেন।

এ বিষয়ে নোবেল কটন অ্যান্ড স্পিনিংয়ের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী জানান, আগামীকাল (বৃহস্পতিবার) কারখানায় তুলাসহ প্রয়োজনীয় কাঁচামাল আসবে এবং কারখানা চালু হবে, কারখানা চালু হলে শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ করা হবে।

খবর পেয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থল গিয়ে মালিকপক্ষের সঙ্গে কথা বলে শ্রমিকদের শান্ত করেন। এ সময় মালিকপক্ষ বৃহস্পতিবার সকালে বেতন ভাতা পরিশোধ করবেন বলে আশ্বস্ত করলে শ্রমিকরা মহাসড়ক ছেড়ে দেন।

নাজমুল হুদা/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।