ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষ, নিহত বেড়ে ৪
ময়মনসিংহের মুক্তাগাছায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হলো। সোমবার (৪ মে) বেলা ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের মধ্যে তিনজন নারী ও একজন পুরুষ রয়েছে। নারীদের বয়স ৪০ থেকে ৬০ এবং পুরুষের বয়স আনুমানিক ৩৭ বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মুক্তাগাছা থেকে বালুবোঝাই ট্রাকটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। বেলা ১২টার দিকে উপজেলার সত্রাশিয়া এলাকা পর্যন্ত আসতেই বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় অটোরিকশা, সড়কে উল্টে যায় ট্রাকটি। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, চালকের সহকারী ও অটোরিকশার চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাদের মধ্যে একজনকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
ফায়ার সার্ভিসের লিডার মোশাররফ হোসেন বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে এসে তিন নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে আরও একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে নিহতদের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. জাবেদুল ইসলাম বলেন, হাসপাতালে গুরুতর আহত অবস্থায় এক পুরুষ ও এক নারীকে নিয়ে আসা হয়। এরমধ্যে পুরুষকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত ওই নারী হাসপাতালে ভর্তি আছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এ পর্যন্ত মোট তিন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কামরুজ্জামান মিন্টু/এনএইচআর/এএসএম