নিজ ক্যাম্পাসে চাকরি মেলা, উচ্ছ্বাসে ভাসছেন বর্ষা
চাঁপাইনবাবগঞ্জের নবাবগঞ্জ সরকারি কলেজে বাংলা বিভাগে পড়াশোনা করছেন রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর গ্রামের মৃত বিশ্বনাথ মণ্ডলের মেয়ে বর্ষা রানি। তার চোখে-মুখে দেখা গেলো উচ্ছ্বাস। কারণ নিজ ক্যাম্পাসে বসেছে চাকরি মেলা। তিনি ট্রেইনি এক্সিকিউটিভ (কাস্টমার কেয়ার) ও টেলিসেলস এক্সিকিউটিভ পদে চাকরির জন্য জীবনবৃত্তান্ত জমা দিয়ে পরীক্ষায় অংশ নিতে এসেছেন।
বর্ষা রানি জাগো নিউজকে বলেন, ‘আমরা দুই বোন। বড় বোনের বিয়ে হয়ে গেছে। অনেক আগেই বাবাকে হারিয়েছি। বর্তমানে বাড়িতে মা আর আমি থাকি। নানা কষ্টের মধ্যেও পড়ালেখা চালিয়ে যাচ্ছি। এখন অনার্স চতুর্থ বর্ষে পড়ছি। এখন মনে হচ্ছে, নিজে কিছু করার সময় এসেছে। কিন্তু বর্তমান সময়ে চাকরি পাওয়া অনেক কষ্টের।’

তিনি বলেন, ‘হঠাৎ জানতে পারি আমার নিজ ক্যাম্পাস নবাবগঞ্জ সরকারি কলেজে চাকরি মেলা হচ্ছে। বিষয়টি শুনেই সকালে এসে আবেদন করেছি। নিজ ক্যাম্পাসেই চাকরির পরীক্ষা দিতে পেরে দারুণ উচ্ছ্বসিত লাগছে। পরিচিত পরিবেশে পরীক্ষা দেওয়ার সুযোগ আমাকে যেমন স্বস্তি দিয়েছে, তেমনি আত্মবিশ্বাসও বাড়িয়েছে কয়েকগুণ।’
বর্ষা আরও জানান, নিজের ক্যাম্পাসে পরীক্ষা হওয়ায় যাতায়াতের ঝামেলা কমেছে। মানসিক চাপও অনেকটা হালকা লেগেছে। এমন সুযোগ পেয়ে তিনি ভবিষ্যতে ভালো কিছু করার আশা প্রকাশ করেন।
আরও পড়ুন:
চাঁপাইনবাবগঞ্জে চলছে প্রাণ গ্রুপের দিনব্যাপী চাকরি মেলা

শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জে দিনব্যাপী চাকরি মেলা শুরু হয়েছে। সোমবার (৪ মে) নবাবগঞ্জ ক্যারিয়ার ক্লাবের আয়োজনে সকাল ১০টা থেকে জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে দেশের অন্যতম বৃহৎ শিল্পগোষ্ঠী প্রাণ গ্রুপের উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। মেলাটি বিকেল ৪টা পর্যন্ত চলবে।
চাকরি মেলায় অংশ নিতে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, জাতীয় পরিচয়পত্র এবং প্রয়োজন অনুযায়ী অভিজ্ঞতার সনদ সঙ্গে নিয়ে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে বলা হয়েছে। এ মেলায় কিছু পদে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করার সুযোগ রয়েছে।

প্রাণ-আরএফএলের গোদাগাড়ী বরেন্দ্র ইন্ডাস্ট্রিয়াল পার্কের ম্যানেজার (অ্যাডমিন ও এইচআরএম) মেহেদী হাসান জানান, ট্রেইনি এক্সিকিউটিভ (কাস্টমার কেয়ার) ও টেলিসেলস এক্সিকিউটিভ পদে নারী প্রার্থীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। এছাড়া ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারসহ (পিডিডি) আরও চারটি পদে পুরুষ প্রার্থীদের জন্য সুযোগ রাখা হয়েছে। বর্তমানে পরীক্ষা চলমান। কতজন প্রার্থী আবেদন করে চাকরি পাচ্ছেন, তা বিকেল ৪টায় জানা যাবে।
সোহান মাহমুদ/এসআর/এএসএম