কবরস্থানের উন্নয়ন কাজ তদারকি করার সময় বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ০৬ মে ২০২৬

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কবরস্থানের উন্নয়ন কাজ তদারকি করতে গিয়ে বজ্রপাতে আব্দুস সামাদ (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৬ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বড়পাঙ্গাসী ইউনিয়নের রাহুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আব্দুস সামাদ ওই গ্রামের মৃত মাহামের ছেলে ও কবরস্থান পরিচালনা কমিটির সদস্য।

স্থানীয় বাসিন্দা ইকবাল হোসেন জানান, কবরস্থানে উন্নয়নকাজ চলছিল। আজ বৃষ্টির মধ্যে সেই কাজ তদারকি করতে গিয়ে তিনি বজ্রপাতের শিকার হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহটি উদ্ধার করে নিহত পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটি এম আরিফ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বৃষ্টির সময় বাড়ি থেকে বেরিয়ে স্থানীয় কবরস্থানের উন্নয়ন কাজ তদারকি করতে যাচ্ছিল। এসময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এম এ মালেক/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।