দাদা-দাদির পাশেই শায়িত হবেন যুক্তরাষ্ট্রে নিহত শিক্ষার্থী লিমন
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ জামালপুরের মাদারগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। সোমবার (৪ মে) বাদ মাগরিব স্থানীয় স্কুলে জানাজা শেষে দাফন কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এর আগে সকাল ৮টায় লিমনের মরদেহ বাংলাদেশে এসে পৌঁছায়। সেখান থেকে মরদেহবাহী গাড়িটি গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার লালডোবা এলাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। সবকিছু ঠিক থাকলে বিকেলের মধ্যে মরদেহ গ্রামে পৌঁছাবে। প্রিয়জনকে শেষবারের মতো দেখতে ইতোমধ্যে নিহতের স্বজনরা বাড়িতে ভিড় জমাতে শুরু করেন।
নিহত লিমনের চাচা মাহবুবুর রহমান বলেন, আমাদের প্রদীপ ছিল লিমন। উচ্চশিক্ষার জন্য লিমনকে বিদেশে পাঠানো হয়েছিল, কিন্তু সে যে এভাবে লাশ হয়ে ফিরবে তা তারা মেনে নিতে পারছেন না। তার মরদেহ ইতোমধ্যে রাস্তায় রয়েছে। বিকেলের মধ্যে গ্রামে আসবে। আমাদের পারিবারিক কবরস্থানে দাফন কার্যক্রম করা হবে। সেখানে লিমনের দাদা-দাদির কবর রয়েছে। বাদ মাগরিব পাশের স্কুলে জানাজা অনুষ্ঠিত হবে।
গত ১৬ এপ্রিল জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি নিখোঁজ হন। পরে ২৪ এপ্রিল হিলসবোর কাউন্টি শেরিফ অফিস জামিলের মরদেহ উদ্ধারের খবর নিশ্চিত করে এবং জানায় যে তারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এ ঘটনায় জামিলের রুমমেট হিশাম আবুঘারবিয়েহকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।
কেএইচকে/এএসএম