ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ০৭ মে ২০২৬

কিশোরগঞ্জে ছাত্রদলের জেলা শাখার আংশিক নতুন কমিটি প্রত্যাখ্যান ও বাতিলের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের প্রাণকেন্দ্র গৌরাঙ্গ বাজার মোড় এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

এ ঘটনায় গৌরাঙ্গ বাজারের তিন রাস্তার মোড়ে অবরোধের কারণে সড়কগুলোতে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সৃষ্টি হয় তীব্র যানজট। প্রায় আধাঘণ্টা পর কর্মসূচি শেষ হলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

বিক্ষোভকারীরা ঘোষিত কমিটিকে ‘সিন্ডিকেটের মাধ্যমে গঠিত’ দাবি করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের বিরুদ্ধেও স্লোগান দেন।

জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি হুমায়ুন কবির অমি, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত রাতুল, গুরুদয়াল সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ, গুরুদয়াল কলেজ ছাত্রদল যুগ্ম-আহ্বায়ক সানি আহমেদ খান, পৌর ছাত্রদের যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসানসহ নেতাকর্মীরা অবরোধ কর্মসূচি উপস্থিত ছিলেন।

কিশোরগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ পাভেল হাসান বলেন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের যে কমিটি ঘোষণা করা হয়েছে, সেটি সম্পূর্ণ সিন্ডিকেটের মাধ্যমে করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম একক আধিপত্য বিস্তারের উদ্দেশ্যে এই কমিটি দেওয়া হয়েছে। আমরা এই কমিটি মানি না, মানবো না।

তিনি আরও বলেন, ছাত্রদলের অভিভাবক বিএনপির চেয়ারম্যানের কাছে আমরা আকুল আবেদন জানাই, বিষয়টি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হোক। আমরা কোনো সিন্ডিকেটের কমিটি মেনে নেব না। ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামবো।

গুরুদয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক রিয়াদ আহমেদ বলেন, আজকের অবরোধ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়েছে। আগামীতে কিশোরগঞ্জের ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এসকে রাসেল/এনএইচআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।