পানি সম্পদ মন্ত্রী
খাল পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে সারাদেশে একটি জাগরণ সৃষ্টি করেছে
পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী সরকার খাল পুনঃখনন কার্যক্রমকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে। জনস্বার্থ ও জনগণের সুবিধা বিবেচনায় নিয়েই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাল পুনঃখনন কার্যক্রম ইতোমধ্যে সারাদেশে একটি জাগরণ সৃষ্টি করেছে।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষেরহাট এলাকায় খাল পুনঃখনন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে কমপক্ষে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে দেশের জনগণের প্রয়োজন ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন অনুষ্ঠিত হওয়ার মাত্র দুই থেকে আড়াই মাসের মধ্যেই সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম দৃশ্যমান হতে শুরু করেছে। খাল পুনঃখননের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে দেশের উন্নয়ন ও জনকল্যাণ নিশ্চিত করা হবে। সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরের মধ্যে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলা।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুন অর রশিদ, জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানসহ দলীয় নেতাকর্মীরা।
শরীফুল ইসলাম/কেএইচকে/এমএস