ঘুরতে বেরিয়ে নিখোঁজ মা-মেয়ে, ১০ দিনেও মেলেনি সন্ধান
ফরিদপুর শহরে ফাতেমাতুজ জহুরা জুহি (১০) নামে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রী ও তার মা এলিজা শারমিন (৪৮) গত ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ৩০ এপ্রিল বিকেলে বাড়ি থেকে ঘুরতে বের হওয়ার পর তারা আর ফিরে আসেননি।
শনিবার (৯ মে) দুপুরে এ ঘটনায় নিখোঁজ গৃহবধূর স্বামী জামাল উদ্দিন কানু ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ জুহি ফরিদপুর আদর্শ বালিকা বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তারা শহরের লাক্সারী হাসান টাওয়ারের একটি ফ্ল্যাটে বসবাস করেন।
পরিবার সূত্রে জানা গেছে, ৩০ এপ্রিল বিকেলে মা ও মেয়ে একসঙ্গে ঘুরতে বের হন। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।
জামাল উদ্দিন কানু জানান, তার স্ত্রী এলিজা শারমিন কিছুটা মানসিকভাবে অসুস্থ। তিনি তার স্ত্রী ও সন্তানের সন্ধান পেতে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সকলের সহযোগিতা চেয়েছেন এবং সন্ধানদাতাকে উপযুক্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, মা ও মেয়ে নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এ বিষয়ে পুলিশ গুরুত্ব সহকারে কাজ করছে।
এন কে বি নয়ন/কেএইচকে/এমএস