সাজেক সড়কে চলছে ইউপিডিএফের অবরোধ
ইউপিডিএফ সদস্য হেগেরা চাকমা ওরফে লেত্তবাপ হত্যার প্রতিবাদে সাজেক-দীঘিনালা সড়কে আধাবেলা অবরোধ পালন করছে ইউপিডিএফ। সোমবার (১১ মে) সকালে উজো বাজার এলাকায় গঙ্গারাম ব্রিজের ওপর সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা।
ইউপিডিএফ সদস্য হত্যার জন্য পাহাড়ের আরেক আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (গনতান্ত্রিক) কে দায়ী করে আসছে সংগঠনটি। কিন্তু তারা এই অভিযোগ অস্বীকার করেছে।
এই সড়ক অবরোধ দুপুর ১২টা পর্যন্ত চলবে বলে জানা গেছে, তবে অবরোধকে কেন্দ্র করে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, অবরোধ শান্তিপূর্ণভাবে চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পর্যটকদের নিরাপদে গন্তব্যে পৌঁছে দিতে আমরা সতর্ক অবস্থানে আছি। দুপুরের পর সাজেক সড়কে যানবাহন চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
শনিবার (৯ মে) ভোরে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের দুর্গম শুকনোছড়া এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীদের গুলিতে নিহত হন ইউপিডিএফের সক্রিয় সদস্য হেগেরা চাকমা।
স্থানীয়দের দাবি, আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে ব্রাশফায়ার করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে সাজেক সড়কে আধাবেলা অবরোধের ডাক দেয় ইউপিডিএফ।
আবু দারদা খান আরমান/এফএ/জেআইএম