কুষ্টিয়ায় এবার মাজারের খাদেমের ওপর হামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০২:৪১ পিএম, ১১ মে ২০২৬
কুষ্টিয়ার দৌলতপুরে অবস্থিত হযরত শাহ রউফের (রা.) মাজার

কুষ্টিয়ার দৌলতপুরে হযরত শাহ রউফের (রা.) মাজারের খাদেম কামাল হোসেনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় তাকে রক্ষা করতে গেলে তার বোন রিতা খাতুনও হামলার শিকার হন।

শনিবার (৯ মে) বিকেলে উপজেলার মথুরাপুর বড় বাজার এলাকার দর্গাতলা গ্রামে অবস্থিত হযরত শাহ রউফ (রা.) দরগাহ শরিফের ভেতরে এ ঘটনা ঘটে। আহত কামাল হোসেন (৪০) ও রিতা খাতুন (৩৫) ওই এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বৈশাখের ২৯ ও ৩০ তারিখ এবং ১ জ্যৈষ্ঠ হযরত শাহ রউফ (রা.) মাজার শরিফে উরস অনুষ্ঠিত হয়। আসন্ন উরসকে সামনে রেখে মাজার এলাকায় নানা প্রস্তুতি চলছিল। উরস উপলক্ষে সেখানে একটি মেলাও বসে। সম্প্রতি ওই মেলা পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

খাদেম কামাল হোসেন জানান, তিনি দীর্ঘ চার বছর ধরে মাজারের খাদেম হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। শনিবার তিনি মাজারের ভেতরে রঙের কাজ করছিলেন। এসময় একই বংশের কয়েকজন ব্যক্তি সেখানে এসে তাকে মারধর করেন। এসময় পাশে থাকা তার বোন রিতা খাতুনকেও মারধর করা হয়।

তবে হামলার কারণ হিসেবে কোনো তথ্য দিতে পারেননি কামাল হোসেন। এ ঘটনায় রাতে দৌলতপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে নবগঠিত মেলা পরিচালনা কমিটির সভাপতি আবুল হাসেম বলেন, ‌আমরা দায়িত্বে আসার পর মাজারের কোনো খাদেম নেই। তবে শনিবার মাজারের ভেতরে কিছুটা ঝামেলা হয়েছে। তিনি দাবি করেন, কামালের পরিচিত বংশের লোকজনই তার ওপর হামলা চালিয়েছেন।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এর আগে ১১ এপ্রিল উপজেলার ফিলিপনগর এলাকায় কোরআন অবমাননার অভিযোগ তুলে আব্দুর রহমান শামীম নামের এক পীরকে তার আস্তানার ভেতরে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় ১৩ এপ্রিল নিহতের বড় ভাই বাদী হয়ে দৌলতপুর থানায় হত্যা মামলা করেন। পরে কয়েকজনকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আল-মামুন সাগর/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।