সন্ধ্যায় মুক্তিপণ দাবি, সকালে ডোবায় মিললো দেড় বছরের শিশুর মরদেহ
ফেনীতে মুক্তিপণ দাবির পর হাসান নামের দেড় বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকায় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
শিশু হাসান লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা তারেক ও তারজিনা আক্তার দম্পতির ছেলে।
শিশুটির বাবা মোহাম্মদ তারেক জানান, শনিবার সকালে বাসার সামনে থেকে শিশু হাসান নিখোঁজ হয়। সন্ধ্যার দিকে একটি নম্বর থেকে কল করে প্রথমে ১২ হাজার টাকা এবং পরে এক লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। অন্যথায় হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রোববার (১০ মে) দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করে পরিবার।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মুক্তিপণ দাবির বিষয়টি কোনো প্রতারকচক্রের কাজ। তবে হুমকি দেওয়া মোবাইল নম্বরটি নওগাঁর বলে জানা গেছে।
ফেনী ডিএসবির অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধারে আমাদের কোনো গাফিলতি ছিল না। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।
আবদুল্লাহ আল-মামুন/এসআর/এমএস