শিক্ষকদের এপ্রিলের বেতন আজ, অনুমোদন হয়নি ঈদ বোনাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ১১ মে ২০২৬
সোমবার সন্ধ্যা নাগাদ শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ যেতে পারে

দেশের বেসরকারি স্কুল-কলেজের ৩ লাখ ৮৭ হাজার শিক্ষক-কর্মচারীরা এপ্রিল মাসের বেতন পেতে পারেন আজ। বেতনের অর্থ বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যাংকগুলোতে পাঠানো হয়েছে। সোমবার (১১ মে) সন্ধ্যা নাগাদ শিক্ষক-কর্মচারীদের ব্যাংক হিসাবে বেতনের অর্থ যেতে পারে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অর্থ ও ক্রয় বিভাগের পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী এই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গতকাল (রোববার) শিক্ষক-কর্মচারীদের বেতন ইএফটিতে যুক্ত হয়েছে। আজ (সোমবার) সন্ধ্যার মধ্যে সব শিক্ষক-কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্টে বেতনের অর্থ চলে যাবে।

এদিকে শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতার (বোনাস) প্রস্তাব মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) থেকে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। তবে সোমবার (১১ মে) পর্যন্ত তা অনুমোদন করেনি মন্ত্রণালয়।

মাউশির পরিচালক মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী জানান, তিন লাখ ৮৭ হাজারের বেশি শিক্ষক-কর্মচারীর ঈদুল আজহার উৎসবভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এটি এখনো অনুমোদিত হয়নি। অনুমোদন পেলে জিও জারি করা হবে। এরপর আইবাসে ডাবল-প্লাস সফটওয়্যারে পাঠানো হবে।

এমপিওভুক্ত স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতনের প্রস্তাব পাঠান স্ব স্ব প্রতিষ্ঠানের প্রধান। অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে বেতনের অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা ব্যাংকে পাঠায় কর্তৃপক্ষ।

এএএইচ/এমআইএইচএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।