দাদাবাবুদের হাতে-পায়ে ধরে সরকার ক্ষমতায় এসেছে: শিবির সভাপতি
‘দাদাবাবুদের হাতে-পায়ে ধরে এবং উত্তরপাড়ার সহযোগিতায় মিডিয়া ক্যু’র মাধ্যমে নির্বাচনকে প্রভাবিত করে সরকার ক্ষমতায় এসেছে বলে মন্তব্য করেছেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম।
সোমবার (১১ মে) সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের পৌর পার্কে ঐতিহাসিক কোরআন দিবস উপলক্ষে আট শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
শিবির সভাপতি বলেন, “বর্তমান সরকার নানা নাটকীয়তার মধ্য দিয়ে, দাদা-বাবুদের সহায়তা এবং উত্তরপাড়ার সহযোগিতায় মিডিয়া ব্যবস্থার মাধ্যমে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছে। তবে এ ধরনের ক্ষমতা দীর্ঘস্থায়ী হবে না।’
তিনি আরও বলেন, জনগণ একদিন রাস্তায় নামলে এই সরকার টিকে থাকতে পারবে না। জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। এসময় রাষ্ট্র সংস্কারের নামে জনগণের সম্মান ক্ষুণ্ন করা হয়েছে বলেও মন্তব্য করেন শিবির সভাপতি।
ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম খান, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা আবুজার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি ইউসুফ আল গালিব।
সোহান মাহমুদ/এসআর/এএসএম