লোকালয়ে আহত দুই হরিণ, উদ্ধার করে বনে অবমুক্ত
বরগুনার পাথরঘাটায় লোকালয়ে চলে আসা আহত দুটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগ। পরে হরিণ দুটিকে প্রাথমিক চিকিৎসা ও পরিচর্যা শেষে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
সোমবার (১১ মে) সকালে উপজেলার চরদুয়ানী ইউনিয়নের গাববাড়িয়া এলাকা এবং দুপুরে একই ইউনিয়নের কালিয়ারখাল এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, পাথরঘাটার গাববাড়িয়া এলাকায় সুন্দরবন থেকে একটি হরিণ চলে আসার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় বন বিভাগের সদস্যরা। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ওই এলাকার একটি পুকুরের কিনারা থেকে হরিণটিকে জীবিত উদ্ধার করা হয়। এসময় হরিণটির শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন দেখা যায়। পরে বন বিভাগের সদস্যরা হরিণটিকে প্রাথমিক চিকিৎসা ও খাবার দেন।

দুপুরের দিকে কালিয়ারখাল এলাকায় আরও একটি হরিণ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে বন বিভাগের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দ্বিতীয় হরিণটিকেও উদ্ধার করেন। পরে দুটি হরিণকেই চিকিৎসা শেষে স্থানীয় বনে অবমুক্ত করা হয়।
এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের জ্ঞানপাড়া বিশেষ টহল ফারির ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরজিৎ চৌধুরী জাগো নিউজকে বলেন, ‘সুন্দরবন থেকে লোকালয়ে আসা দুটি হরিণ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী সুন্দরবনের বনে অবমুক্ত করা হয়েছে। তবে কী কারণে হরিণ লোকালয়ে এসেছে এবং শরীরের ক্ষত হয়েছে, সে বিষয়ে আমাদের তদন্ত চলমান।’
নুরুল আহাদ অনিক/এসআর/এএসএম