ঝড়ে ভেঙে পড়া গাছ মহাসড়ক থেকে সরানো হলো পৌনে ৫ ঘণ্টায়
পাবনায় ঝড়বৃষ্টিতে ঢাকা-পাবনা মহাসড়কে ভেঙে পড়া গাছ সরানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।
বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে পাবনায় ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হলে ওই মহাসড়কে বেশ কয়েকটি গাছ ভেঙে সড়কে পড়ে। এতে মহাসড়কের গঙ্গারামপুর, আতাইকুলা ও রাজাপুর এলাকায় শত শত যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকায় আতাইকুলা থেকে পাবনা বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। এতে গরম ও বৃষ্টির মধ্যে আটকে পড়া শত শত যাত্রীকে চরম দুর্ভোগ পোহাতে হয়।
ওসি মোস্তাফিজুর রহমান জানান, প্রচণ্ড ঝড়বৃষ্টিতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকা-পাবনা মহাসড়কের আতাইকুলা পর্যন্ত বেশকিছু জায়গায় অনেক গাছ ভেঙে সড়কে পড়ে। ফলে দুপুর ২টার পর থেকে এ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ যৌথভাবে গাছ অপসারণ শুরু করে। দীর্ঘ প্রায় পাঁচ ঘণ্টার পরিশ্রম শেষে সন্ধ্যা পৌনে ৭টার দিকে সড়ক ক্লিয়ার করা হয়। এরপর থেকে যান চলাচল শুরু হয়েছে।
তিনি আরও বলেন, যান চলাচল শুরু হলেও এখন পর্যন্ত সড়কে যানজট রয়েছে। তবে দ্রুতই তা কেটে যাবে।
আলমগীর হোসাইন নাবিল/এএইচ/জেআইএম