অনলাইন পত্রিকা অফিসের ভেতরেই চলত মাদক কেনাবেচা, আটক ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৯:০৭ পিএম, ১৩ মে ২০২৬

হবিগঞ্জের আজমিরীগঞ্জে অভিযান চালিয়ে কথিত ৩ সাংবাদিকসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং নগদ ৬ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৩ মে) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার (১২ মে) দিনগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার গরুবাজার সংলগ্ন ‘কালনী নিউজ’ নামের একটি অফিসে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—শরীফনগর এলাকার লালন পারভেজ (৩৫) ও জুমন মোড়ল (৪০), আলমগীর মিয়া (৩৮), আজিমনগর এলাকার দিলোয়ার হোসেন (৩৫) এবং মাহফুজ মিয়া (৩৩)। এদের মধ্যে লালন পারভেজ, জুমন মোড়ল ও দিলোয়ার হোসেন নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে আসছিলেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, সারাদেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার সকালে আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।