নরসিংদীতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণায় ছাত্রদলের আনন্দ মিছিল
নরসিংদীতে জেলা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করায় জেলাজুড়ে বইছে উৎসবের আমেজ। নতুন কমিটিকে স্বাগত জানিয়ে জেলা শহরে বিশাল আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ মে) বিকেলে এ মিছিলে প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ এতে নেতৃত্বে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত, সহসভাপতি ইবনে আদিল শশী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ তুষার, যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল প্রধান, সহসভাপতি সজিব পাল জুম্মনসহ কমিটির অন্য নেতারা।
মিছিল শেষে স্টেশন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ হয়। সমাবেশে বক্তারা বলেন, পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার মাধ্যমে নরসিংদী জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমে গতি ফিরবে। নতুন ও ত্যাগী নেতৃত্বের মাধ্যমে ছাত্রদল আগামী দিনে যেকোনো আন্দোলন-সংগ্রামে রাজপথে আরও শক্তিশালী ও সুসংগঠিত ভূমিকা পালন করবে।
সঞ্জিত সাহা/এএইচ/জেআইএম