মোটরসাইকেল চুরির ঘটনায় ছাত্রদল নেতাসহ গ্রেফতার ৩
ময়মনসিংহের গৌরীপুরে অভিযান চালিয়ে ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসময় তাদের কাছ থেকে চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (১৫ মে) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আশিক মিয়া (২৭), গৌরীপুর উপজেলার শাহবাজপুর গ্রামের সোহেল মিয়া (২৩) এবং ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরী (৩৯)।
পিবিআই সূত্র জানায়, গত ২৯ এপ্রিল ময়মনসিংহ নগরীর হেরা মার্কেটের সামনে থেকে আলামিন শরীফ সিফাত নামে এক ব্যক্তির সুজুকি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করে পিবিআইয়ের একটি বিশেষ দল। তথ্যপ্রযুক্তির সহায়তায় চোরচক্রের সদস্যদের শনাক্তে মাঠে নামে তদন্তকারী কর্মকর্তারা।
তদন্তের একপর্যায়ে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে গৌরীপুর এলাকা থেকে ২৯ মামলার পলাতক আসামি ‘ফ্রিডম মানিক’ ওরফে মানিক চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার ভোরে উপজেলার পালামন্দার গ্রামে অভিযান চালানো হয়।
অভিযানে আশিক মিয়াকে একটি নীল রঙের চোরাই মোটরসাইকেলসহ আটক করা হয়।
এদিকে মোটরসাইকেলের রং পরিবর্তন ও চোরাই মোটরসাইকেল কেনাবেচা চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে শাহবাজপুর গ্রামের সোহেল মিয়াকেও গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ পিবিআইয়ের পুলিশ সুপার মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর অভিযানের মাধ্যমে চোরাই মোটরসাইকেল চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাই মোটরসাইকেল কেনাবেচা, রং পরিবর্তন ও চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। গ্রেফতার তিনজনকে শুক্রবার বিকেলে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল বলেন, বিষয়টি আমরা গুরুত্বসহকারে খতিয়ে দেখছি।
অভিযোগের সত্যতা পাওয়া গেলে দলীয় শৃঙ্খলা অনুযায়ী প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি তিনি কোনো ষড়যন্ত্রের শিকার হয়েছেন কি না, সেটিও যাচাই করা হচ্ছে।
এমএন/এএসএম