মাছ চাষ-বৃক্ষরোপণে গুরুত্ব দিচ্ছে সরকার: ত্রাণমন্ত্রী দুলু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁদপুর
প্রকাশিত: ০৮:৪৫ পিএম, ১৫ মে ২০২৬

চাঁদপুরে খাল খনন কার্যক্রম পরিদর্শনে এসে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, সরকার শুধু খাল খননের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, খননকৃত খালে মাছ চাষ ও খালের পাড়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণের উদ্যোগও গ্রহণ করা হবে। এতে একদিকে যেমন জলাবদ্ধতা নিরসন হবে, অন্যদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা ও স্থানীয় জনগণের অর্থনৈতিক সুবিধাও নিশ্চিত হবে।

শুক্রবার (১৫ মে) দুপুরে চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আয়োজিত দুইটি খাল খনন কর্মসূচির উদ্বোধনী কার্যক্রম পরিদর্শনকালে শাহরাস্তির ওয়ারুক এলাকায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের প্রায় ২০ হাজার কিলোমিটার খালের মধ্যে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের আওতায় পর্যায়ক্রমে ৭ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে চলতি বছরে ১ হাজার ৫০০ কিলোমিটার খাল খননের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। চাঁদপুর জেলার এই দুইটি খাল সেই বৃহৎ পরিকল্পনার অন্তর্ভুক্ত।

তিনি আরও বলেন, খাল খননের মাধ্যমে শুধু পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নই নয়, কৃষি ও মৎস্য সম্পদ বৃদ্ধিতেও ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে খালের পাড়ে বৃক্ষরোপণের ফলে পরিবেশ সুরক্ষা, মাটি ক্ষয়রোধ এবং স্থানীয় জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্ত্রণালয়ের বিভিন্ন বরাদ্দে অনিয়ম ও দুর্নীতির প্রসঙ্গে মন্ত্রী কঠোর অবস্থানের কথা তুলে ধরে বলেন, ফ্যাসিস্ট সরকার প্রতিটি স্তরে অনিয়ম ও দুর্নীতি করে গেছে। বর্তমান সরকার জনগণের সরকার এবং জবাবদিহিতার সরকার। কাবিখাসহ মন্ত্রণালয়ের কোনো বরাদ্দে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত

শরীফুল ইসলাম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।