বান্দরবানে মধ্যরাতে বাজারে আগুন, ৫০ দোকান-বসতঘর পুড়ে ছাই
বান্দরবানের বাঘমারা বাজারে অগ্নিকাণ্ডে ৫০টি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়েছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস।
শনিবার (১৬ মে) দিনগত রাত সাড়ে তিনটার দিকে জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, গভীর রাতে হঠাৎ বাজারে আগুন জ্বলতে দেখে চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে স্থানীয় মসজিদের মাইকের মাধ্যমে আগুন লাগার বিষয়টি ঘোষণা করা হলে আশপাশের লোকজন ছুটে এসে নেভানোর চেষ্টা করেন। তবে বাঁশ ও কাঠের তৈরি ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রোয়াংছড়ি ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে দুর্গম এলাকার কারণে ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছাতে কিছুটা বেগ পেতে হয়।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাবলু মহুরী ও মিদু রাখাইন বলেন, গভীর রাতে সবাই যখন ঘুমে, তখন আগুন লাগে। চোখের পলকে সবকিছু পুড়ে গেছে, কেউ কোনো মালামাল বের করতে পারেনি। আমরা এখন একেবারে নিঃস্ব হয়ে গেছি।
এর আগে সবশেষ ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাঘমারা বাজারটি। এই নিয়ে চারবার ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন— এই দুর্দশা কাটিয়ে উঠতে অনেক সময় লেগেছিল, এখন আবার একই ক্ষতি হয়েছে।
এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আব্দুল মান্নান আনসারী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে এসে ৪টি ইউনিট প্রায় ৩ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে দুর্গমতার কারণে আমাদের কিছুটা বেগ পেতে হয়েছে। তদন্তের মাধ্যমে বিস্তারিত পরে জানা যাবে।
নয়ন চক্রবর্তী/কেএইচকে/জেআইএম