চট্টগ্রামে ১ লাখ ১৩ হাজার টাকার জাল নোটসহ গ্রেফতার ৩
চট্টগ্রাম নগর ও জেলার পৃথক দুটি অভিযানে ১ লাখ ১৩ হাজার ৬০০ টাকার জাল নোটসহ তিনজনকে গ্রেফতার করেছে র্যাব -৭। রোববার (১৭ মে) র্যাব-৭ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
এর আগে শনিবার (১৬ মে) নগরের পাঁচলাইশ ও হাটহাজারী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, পাঁচলাইশ এলাকায় কিছু ব্যক্তি জাল টাকা বিক্রির জন্য অবস্থান করছেন। পরে দুপুর দেড়টার দিকে পাঁচলাইশ থানার হানজারবাগ জিলানী গলির পাশে শুক্কুর মোটরসের সামনে অভিযান চালানো হয়।
এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে মো. আছান উল্লাহ ওরফে হাসান (৩৫) নামের একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ১ লাখ ১২ হাজার ৭৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আছান উল্লাহ শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষাড় এলাকার বাসিন্দা।
একই দিন রাতে হাটহাজারী থানার আলিপুর আব্বাসিয়াপুর এলাকায় আরেকটি অভিযান চালায় র্যাব। সেখানে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে জাহিদুল ইসলাম ওরফে আসিফ (২১) ও হাসানুর রাহি (১৯) নামের দুই যুবককে আটক করা হয়।
তাদের মধ্যে জাহিদুল ইসলামের কাছ থেকে ৪০০ টাকা এবং হাসানুর রাহির কাছ থেকে ৪৫০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। তারা দুজনই ফেনী জেলার পরশুরাম উপজেলার বাসিন্দা।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমআরএএইচ/এএমএ