সরকারের প্রতি মানুষের আস্থা তলানিতে ঠেকেছে: হাসনাত আবদুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, আইন-শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এই ধারা যদি অব্যাহত থাকে, সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকেছে, কিছুদিনের মধ্যে আস্থা নাই হয়ে যাবে।
রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনায় এনসিপির পদযাত্রা ও দলে যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুপুরে মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত পদযাত্রায় এনসিপির মেঘনা উপজেলার প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।
বক্তব্যে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘মানুষ বলছে— এই সরকারের অনেক গুণ, চার মাসে মেঘনা উপজেলায় চার খুন। একটা উপজেলায় চার মাসে যদি এত খুন হয়, স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? স্বরাষ্ট্রমন্ত্রী মাঝে মাঝে প্রধানমন্ত্রীর পক্ষে, কখনো অর্থমন্ত্রীর পক্ষে বলেন। আসলে উনার মন্ত্রণালয় নিয়ে উনার কোন চিন্তা নাই।’
অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর হাত ধরে বিভিন্ন দল থেকে আসা ১০০ নেতা-কর্মী মেঘনা উপজেলা এনসিসিতে যোগদান করেন।
জাহিদ পাটোয়ারী/এসআর/এমএস