দিনাজপুরে হাটে আলোচনায় ‘সম্রাট-বাদশা-রংবাজ’

এমদাদুল হক মিলন এমদাদুল হক মিলন , দিনাজপুর দিনাজপুর
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ১৭ মে ২০২৬

দিনাজপুরে কোরবানির গরুর হাটে নজর কেড়েছে বিশালাকৃতির তিন ষাঁড়। পার্বতীপুর, বিরল ও বীরগঞ্জ উপজেলায় প্রস্তুত করা ১৭ থেকে ৩০ মণ মণ ওজনের ষাঁড়গুলোকে দেখতে দূরদূরান্ত থেকে মানুষ খামারে ভিড় করছেন। মধ্যস্বত্বভোগী ছাড়াই বাড়ি থেকে ষাড়গুলো বিক্রির আশা করছেন খামারিরা।

জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, এবার জেলায় কোরবানি উপলক্ষে প্রায় সোয়া চার লাখের বেশি পশু প্রস্তুত করা হয়েছে।

পার্বতীপুরে আলোচনায় ৩০ মণের ‘সম্রাট’

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার মধ্যদুর্গাপুর গ্রামের ব্যবসায়ী আব্দুর রাজ্জাক কোরবানি উপলক্ষে প্রস্তুত করেছেন ৩০ মণ (১১২৫ কেজি) ওজনের এক বিশাল ষাঁড়, যার নাম ‘সম্রাট’। শাহীওয়াল-ফ্রিজিয়ান ক্রস জাতের, ধূসর রঙের এই শান্ত ষাঁড়টির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং উচ্চতা ৫ ফুট। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও পরম যত্নে বড় করা এই 'সম্রাট'-কে দেখতে প্রতিদিন আব্দুর রাজ্জাকের বাড়িতে মানুষ ভিড় করছেন।

খামারি রাজ্জাক জানান, হাটে আনা-নেওয়া করা কষ্টকর হওয়ায় বাড়ি থেকেই ১২ লাখ টাকায় তিনি ষাঁড়টি বিক্রি করতে চান। তার পরিবার জানায়, সন্তানের মতো স্নেহ দিয়ে বড় করা সম্রাটকে নাম ধরে ডাকলে ও সাড়া দেয়।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পশু লালন-পালনে আব্দুর রাজ্জাককে উৎসাহিত করা হয়েছে। তিনি যাতে পশুর ন্যায্যমূল্য পান, সেজন্য প্রাণিসম্পদ দপ্তর থেকে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

দিনাজপুরে হাটে আলোচনায় ‘সম্রাট-বাদশা-রংবাজ’

বিরলে ২৫ মণের ‘রংবাজ’

বিরল উপজেলার ছেতরাবাজারের ‘ইসলাম অ্যাগ্রো খামার’-এ কোরবানি উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ২৫ মণ ওজনের বিশাল এক ষাঁড়, যার নাম রাখা হয়েছে ‘রংবাজ’। সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন-পালন করা ব্রাহমা ক্রস জাতের শান্ত স্বভাবের এই ষাঁড়টির দাম হাঁকানো হয়েছে ৯ লাখ টাকা। বিশালদেহী এই পশুটি দেখতে খামারে প্রতিদিন উৎসুক মানুষের ভিড় জমছে।

খামারের তত্ত্বাবধায়ক মো. মইনুল ইসলাম দাবি করেন, ষাড়টির পেছনে প্রতিদিন খরচ হয় প্রায় ১ হাজার টাকা। উপজেলা প্রাণিসম্পদ অফিসের নিয়মিত নজরদারিতে থাকা এই ষাঁড়টি সম্পূর্ণ রোগমুক্ত। খামারি মইনুল ইসলামের আশা, কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই খামার থেকে সরাসরি ৯ লাখ টাকায় তিনি ‘রংবাজ’কে বিক্রি করতে পারবেন।

বিরল উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন জানান, ব্রাহমা ক্রস জাতের এত বড় গরু লালন-পালন করা অত্যন্ত কষ্টসাধ্য ও ব্যয়বহুল। কোরবানির হাটে সুঠাম দেহের এই ষাঁড়টি ভালো দামে বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

দিনাজপুরে হাটে আলোচনায় ‘সম্রাট-বাদশা-রংবাজ’

বীরগঞ্জের সাড়ে ১৭ মণের ‘বাদশা’

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মুরারিপুর কাচারিপাড়া গ্রামের খামারি মো. মনিরুল ইসলামের সাড়ে ১৭ মণ (৭০০ কেজি) ওজনের ষাঁড় ‘বাদশা’ এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ও সুষম খাদ্য খাইয়ে বড় করা ষাঁড়টি দেখতে প্রতিদিন খামারে দূর-দূরান্তের মানুষ ভিড় করছেন।

খামারি মনিরুল ইসলাম জানান, পরিচ্ছন্ন পরিবেশে যত্নের সঙ্গে ষাঁড়টিকে বড় করা হয়েছে। বাজারে দাম ভালো থাকলে ‘বাদশা’ ৫ লাখ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা করছেন।

শিবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সত্যজিৎ রায় কার্তিক বলেন, ‘বাদশা’ এলাকায় ব্যাপক সাড়া ফেলায় স্থানীয় খামারিরা আরও উৎসাহিত হচ্ছেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. শাহরিয়ার মান্নান জানান, খামারিরা স্বাস্থ্যসম্মত উপায়ে গরু মোটাতাজাকরণে এগিয়ে আসছেন, যা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখছে।

জেলা প্রাণিসম্পদ দপ্তর জানিয়েছে, এবার দিনাজপুরের ৬২ হাজার ৪০৮ জন খামারি ও সাধারণ গৃহস্থের বাড়ি মিলে মোট ১ লাখ ৭৭ হাজার ৫৪৬টি গরু, ২৪৮টি মহিষ, ২ লাখ ৩৪ হাজার ৯৯০টি ছাগল, ১৩ হাজার ৭২৯টি ভেড়া ও ১১টি দুম্বা কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে।

এমএন/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।