নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৫ মে ২০২৬

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষকদের থেকে উপাচার্য নিয়োগের দাবিতে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর ডুয়েট কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

মিছিল চলাকালে ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’সহ বিভিন্ন স্লোগান দেন। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ নেন।

নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

শিক্ষার্থীরা নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে ডুয়েটের প্রধান ফটকে একটি ব্যানার টানিয়ে দিয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়টির নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে নিয়োগ দেয় সরকার। এর পর থেকেই বিক্ষোভ চলছে।

শিক্ষার্থীরা বলেন, ডুয়েট একটি বিশেষায়িত প্রকৌশল বিশ্ববিদ্যালয় হওয়ায় এখানকার একাডেমিক ও প্রশাসনিক কাঠামো সম্পর্কে অভ্যন্তরীণ শিক্ষকদের অভিজ্ঞতা ও ধারণা বেশি। তাই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, গবেষণা কার্যক্রম ও শিক্ষার পরিবেশ বজায় রাখতে ডুয়েটের শিক্ষকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগ দেওয়া প্রয়োজন।

শিক্ষার্থীদের দাবি, বহিরাগত কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নে জটিলতা তৈরি হতে পারে। এজন্য তারা ডুয়েটের জ্যেষ্ঠ ও যোগ্য শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিতে হবে।

নতুন ভিসিকে অবাঞ্ছিত ঘোষণা করে সড়ক অবরোধ শিক্ষার্থীদের

নবনিযুক্ত ভিসির নিয়োগ বাতিল না করা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যাবেস বলে ঘোষণা দেন।

এদিকে শিক্ষার্থীরা জুমার নামাজের পর ডুয়েট সংলগ্ন ঢাকা শিমুলতলী সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে বেলা পৌনে ৩টার দিকে শিক্ষার্থীরা সড়কের অবরোধ ছেড়ে দিয়ে ক্যাম্পাসে ফিরে গেলে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, ডুয়েটে শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে বিক্ষোভ করেছেন। একই দাবিতে তারা ঢাকা শিমুলতলী সড়কে অবস্থান নিয়েছিলেন। বেলা পৌনে ৩টার দিকে তারা কর্মসূচি শেষ করে ক্যাম্পাসে ফিরে গেছেন।

মো. আমিনুল ইসলাম/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।