ব্রাহ্মণবাড়িয়ায় ১০ মাস ধরে বেতন পান না টিকা বহনকারীরা
১০ মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও চাকরি স্থায়ীকরণের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান কর্মসূচি পালন করেছেন টিকাদান কর্মসূচির কাজে নিয়োজিত ইপিআই পোর্টাররা (টিকা বহনকারী)।
মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টায় শহরের কাউতলী এলাকায় সিভিল সার্জনের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডালিম মিয়া, সহ-সভাপতি সুদন মিয়া চৌধুরী, নজরুল ইসলাম, নাহিদুল ইসলাম প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়া ইপিআই পোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি ডালিম মিয়া বলেন, ‘জীবন রক্ষাকারী টিকাদান কর্মসূচি বাস্তবায়নে ভ্যাকসিন বহনকারী ইপিআই পোর্টাররা দীর্ঘদিন ধরে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছেন। দীর্ঘ ১০ মাস ধরে জেলার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে দায়িত্বরত ২৭ জন এপিআই পোর্টারদের বেতন-ভাতা বন্ধ রয়েছে। এতে করে তাদেরকে ধারদেনা করে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।’

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে দাবি বাস্তবায়নে আবেদন জানানো হলেও তার প্রতিফলন ঘটেনি। এ অবস্থায় আসন্ন কোরবানির ঈদের আগে ১০ মাসের বকেয়া বেতন পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
অবস্থান কর্মসূচি শেষে জেলার সিভিল সার্জন ডা. নোমান মিয়ার কাছে চলমান সমস্যার প্রতিকার চেয়ে স্মারকলিপি দেন ইপিআই পোর্টাররা।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এএসএম