টিকটকে প্রেম-বিয়ে, ফরিদপুরে নিয়ে নববধূকে নির্যাতন ও হত্যাচেষ্টা
ফরিদপুরের মধুখালী উপজেলায় টিকটকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের পর স্ত্রীকে ঢাকা থেকে গ্রামের বাড়িতে এনে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় ওই তরুণীকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
শনিবার (১৬ মে) সকালে স্থানীয় লোকজন বিষয়টি জানতে পেরে গ্রাম পুলিশকে খবর দেন। পরে গ্রাম পুলিশ তাকে নওপাড়া ইউনিয়ন পরিষদে নিয়ে যায়। সেখানে নিজের ওপর চালানো নির্যাতনের বর্ণনা দেন নববধূ। এসময় স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে শুক্রবার (১৫ মে) দিনগত রাতে উপজেলার নওপাড়া ইউনিয়নের কুরানিয়ার চর এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত প্রান্ত শেখ (২২) ওই এলাকার মুজিবর শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটকের মাধ্যমে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার টেপ্পিগঞ্জ ইউনিয়নের রশিদ শেখের মেয়ে রোকিয়া বেগমের সঙ্গে গাজীপুরে পরিচয় হয় প্রান্ত শেখের। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। প্রায় দেড় মাস আগে তারা পারিবারিকভাবে বিয়ে করেন বলে জানা গেছে।
ভুক্তভোগী রোকিয়া বেগম জানান, শুক্রবার রাতে প্রান্ত তাকে গাজীপুর থেকে নিজ বাড়িতে নেওয়ার কথা বলে ফরিদপুরের মধুখালীতে নিয়ে আসেন। রাত আনুমানিক ২টার দিকে মধুখালী রেলগেট এলাকায় বাস থেকে নামার পর প্রান্ত তাকে কুরানিয়ার চর গ্রামের একটি পাটক্ষেতে নিয়ে যান। সেখানে রাতভর শারীরিক নির্যাতন চালানো হয়।
রোকিয়ার অভিযোগ, একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। এমনকি তার চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয়। প্রাণ বাঁচাতে তিনি সেখান থেকে কৌশলে পালিয়ে পাশের একটি বাড়িতে আশ্রয় নেন।
পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) তন্ময় কুমার বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে নির্যাতনের আলামত পাওয়া গেছে। ঘটনায় জড়িত অভিযুক্তকে আটকের চেষ্টা চলছে এবং মামলার প্রস্তুতি প্রক্রিয়াধীন রয়েছে।
এন কে বি নয়ন/এফএ/জেআইএম