খুলনায় অফিসে ঢুকে ঠিকাদার সমিতির সহ-সভাপতিকে গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খুলনা
প্রকাশিত: ০৪:০৯ পিএম, ১৯ মে ২০২৬

প্রতিপক্ষের গুলিতে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির (সড়ক পথ) সহ-সভাপতি শেখ হারুনুর রশিদ (৬২) গুলিবিদ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) দুপুরের দিকে মহানগরীর জাতিসংঘ পার্কের পাশে আলহেরা জামে মসজিদের দোতলায় ঠিকাদার সমিতির অফিসে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গুলিটি হারুনুর রশিদের ডান পায়ের রানে লাগে। পরে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আহত হারুনুর রশিদ মহানগরীর খালিশপুর থানার নয়াবাটি এলাকার মৃত শেখ আব্দুর রউফের ছেলে।

তবে এ বিষয়ে খুলনা খাদ্য পরিবহন সংরক্ষণ ঠিকাদার সমিতির (সড়ক) সাধারণ সম্পাদক খান মোহাম্মদ রেজাউল আলম বলেন, মব করে আমাদের জায়গাটি দখল করে প্রতিপক্ষ। আমরা খুলনায় ও হাইকোর্টে মামলা করি। মামলায় আমাদের পক্ষে রায় হয়। এর পরিপ্রেক্ষিতে আমরা আমাদের আসন গ্রহণ করি। তারা কোর্ট মানে না। মানিকতলা ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী স্বপন এসে বলেন আসো গোলাগুলি করি। পরে তারা এসে আমাকে লক্ষ্য করে গুলি করে। এসময় আমার ছেলে বাঁধা দেওয়ায় ওই গুলি সরে গিয়ে হারুনুর রশিদের পায়ে লাগে। ঘটনার সময় স্বপনের সঙ্গে নিরালার ওয়েজুল ইসলাম, সোনাডাঙ্গার সরদার তকিবুল ইসলাম, হাফিজ, এরশাদসহ আরও লোক ছিল।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, নিজেদের মধ্যে কথা কাটাকাটির জেরে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে প্রতিপক্ষ হারুনুর রশিদকে গুলি করে। কারা গুলির ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। তদন্ত চলছে।

আরিফুর রহমান/এনএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।