আইভীকে ফুল দিতে গিয়ে ভুয়া পুলিশ আটক


প্রকাশিত: ১১:৪৫ এএম, ২৬ জুলাই ২০১৬

নিজেকে পুলিশ পরিচয় দিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে ফুল দিতে গিয়ে আটক হয়েছেন জুনায়েদ হোসেন ওরফে রাসেল (২৮) নামে এক প্রতারক।

মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নগর ভবন থেকে ওই যুবককে আটক করে নিয়ে আসে পুলিশ। এ সময় তার কাছ থেকে ডিবি পুলিশের একটি সিল উদ্ধার করা হয়।
 
আটক জুনায়েদ হোসেন ওরফে রাসেল ফতুল্লা দেলপাড়া এলাকার ইকবাল হোসেনের ছেলে বলে পুলিশ জানিয়েছে।
 
মেয়র সেলিনা হায়াৎ আইভীর বরাত দিয়ে নগর ভবনে যাওয়া নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শহীদুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে জুনায়েদ হোসেন রাসেল নামে ওই যুবক প্রথমে নিজেকে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি পরিচয় দিয়ে মেয়রকে ফুল দিতে যান। তখন রাসেলের কথাবার্তা সন্দেহ মনে হলে বিষয়টি মেয়র সদর পুলিশকে জানালে তাকে গিয়ে আটক করে। ওই সময় রাসেলের পকেটে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি সিল পাওয়া যায়।
 
নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আটক রাসেলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।
     
শাহাদাত হোসেন/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।